মুর্শিদাকে নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

অস্ট্রেলিয়া সফরের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। সফরের তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের এটিই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হতে যাচ্ছে। ফলে বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য সফরটি গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক দ্বিপাক্ষিক লড়াই।

সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। তার সহকারী হিসেবে থাকছেন নাহিদা আক্তার। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে সাজানো হয়েছে সফরের দল। 

এর আগে বাংলাদেশ নারী দল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত এপ্রিল মাসে। শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ফাহিমা খাতুন, ফারিহা তৃষ্ণা ও জুয়াইরিয়া ফেরদৌস। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে দলে ফিরেছেন মুর্শিদা খাতুন। তার সঙ্গে সুযোগ পেয়েছেন  দিলারা আক্তার, দিশা বিশ্বাস ও হাবিবা ইসলাম পিংকি।

বাংলাদেশের ১৬ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, সারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত