আমদানি ও পরিবহন সেবা ছাড়া চলতি হিসাবের অন্যান্য লেনদেনের বিপরীতে বিদেশে অর্থ পাঠানোর বিধিবিধান সমন্বয় করে নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে আগের নির্দেশনাগুলো হালনাগাদ করে এক জায়গায় সংকলন করা হয়েছে। নতুন এ সার্কুলার জারির ফলে এ-সংক্রান্ত আগের সব নির্দেশনা বাতিল হবে। তবে বৈদেশিক মুদ্রা লেনদেন নির্দেশিকা (জিএফইটি), ভলিউম-২-এর প্রতিবেদন দাখিল-সংক্রান্ত নির্দেশনা বহাল থাকবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এ সার্কুলারে বলা হয়েছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর-৩৭-এর মাধ্যমে আমদানি ও পরিবহন সেবা ছাড়া চলতি হিসাবের অন্যান্য লেনদেনের বিপরীতে বিদেশে অর্থ পাঠানোর বিধিবিধান সমন্বিত আকারে প্রকাশ করা হয়েছিল। ওই সার্কুলারের কার্যকারিতার মেয়াদ ছিল এক বছর।
পরবর্তী সময়ে এ বিষয়ে জারি করা বিভিন্ন সার্কুলারের নির্দেশনা অন্তর্ভুক্ত করে আগের সার্কুলারটি হালনাগাদ করা হয়েছে। একই সঙ্গে সব নির্দেশনা একটি সমন্বিত সার্কুলারে সংকলন করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট লেনদেনের বিধিবিধান অনুসরণ করা সহজ হয়।
সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনাটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে এ-সংক্রান্ত নতুন কোনো নির্দেশনা জারি হলে তা সমন্বিত সার্কুলারের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কোনো বিষয়ে অস্পষ্টতা বা অসংগতি দেখা দিলে মূল সার্কুলারে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ২০(৩) ধারায় বাংলাদেশ ব্যাংককে দেওয়া ক্ষমতাবলে সার্কুলারটি জারি করা হয়েছে। এ নির্দেশনা সংশ্লিষ্ট গ্রাহক ও অংশীজনদের অবহিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।