খেলাপি ঋণ আদায়ে ৫ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত

বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির কার্যকর ব্যবহার বাড়লে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমবে। পাশাপাশি ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

খেলাপি ঋণ আদায় কার্যক্রম দ্রুত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মামলা দায়েরের আগে এবং আদালতে চলমান মামলাও মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ পাবেন ঋণগ্রহীতা ও ব্যাংক।

রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক সার্কুলার লেটারে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান হলো- বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুধহুদ সলিউশনস পিএলসি, লবিয়িং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফিন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড এবং সিটিজেনস অলটারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, গত ২০ আগস্ট বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়। পরে ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। এতে মোট ২৩টি প্রতিষ্ঠান আবেদন করে। আবেদনগুলো যাচাই-বাছাই ও নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়নের পর ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের জারি করা এ-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে বিরোধে জড়িত ঋণগ্রহীতা, ঋণদাতা এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতি থাকতে হবে।

এ ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যস্থতাকারী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগে এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলার ক্ষেত্রেও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির কার্যকর ব্যবহার বাড়লে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমবে। পাশাপাশি ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, মধ্যস্থতা কার্যক্রমের প্রসার এবং তালিকায় আরও বেশি যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করতে শিগগিরই নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলে ভবিষ্যতে এ কার্যক্রমে আরও প্রতিষ্ঠান যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত