ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে নগদ ও ইউসিবি-এর চুক্তি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবার পরিধি বাড়ানো এবং ডিজিটাল আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি হয়েছে।

বুধবার রাজধানীর গুলশানে ইউসিবির করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ইউসিবির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও সহজে দেশের প্রান্তিক মানুষের নগদ ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে বৈধপথে দেশে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে নগদ গ্রাহকেরা ২৪ ঘণ্টা এসব অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া আগামীতে ইউসিবির বিভিন্ন ঋণের কিস্তি, মাসিক সঞ্চয় (ডিপিএস) এবং ক্রেডিট কার্ডের ইএমআই নগদের মাধ্যমে পরিশোধের সুবিধা চালু হবে। পাশাপাশি গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ হবে। এর ফলে আরও বেশি মানুষ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ বলেন, ‘ডিজিটাল আর্থিক সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজলভ্য করতে নগদ শুরু থেকেই কাজ করে যাচ্ছে। এই চুক্তি দুই পক্ষের গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে। সমন্বিত এই প্রয়াস দেশের ক্যাশলেস অর্থনীতিকেও গতিশীল ও শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস।’

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে রেমিট্যান্স পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এই কৌশলগত অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু এবং হেড অব রেমিট্যান্স মো. এহসানুল হক বাশার উপস্থিত ছিলেন।

ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো. আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (হোলসেল ব্যাংকিং) সুফিয়া আক্তার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এফআই অ্যান্ড ওবিইউ) ইউসুফ হাবিব এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (রেমিট্যান্স) মোহাম্মদ আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বর্তমানে ইউসিবি থেকে নগদে অ্যাড মানি এবং উভয় প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ও বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু রয়েছে। বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার পাশাপাশি বাংলা কিউআর ও এনপিএসবি সুবিধার মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে গুরুত্ব দিয়ে কাজ করছে নগদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত