ঢাবি লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ৩-৪ অক্টোবর

অধ্যাপক লাসনা কবির বলেন, বৈশ্বিক সংকটের বর্তমান বাস্তবতায় জনপ্রশাসন, শাসনব্যবস্থা ও নীতিগত প্রতিক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম

দেশ-বিদেশের গবেষকদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩ ও ৪ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘রিথিংকিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যান এরা অব গ্লোবাল ক্রাইসিস: গভর্ন্যান্স অ্যান্ড পলিসি রেসপন্সেস’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ১১টি দেশ থেকে ১৮০টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ৭৬টি গবেষণাপত্র দুই দিনব্যাপী সম্মেলনের ১৫টি সেশনে উপস্থাপন করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সাইয়েদ গিয়াসউদ্দিন মেমোরিয়াল কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিভাগের চেয়ারপারসন ও সম্মেলনের কনভেনার অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির।

অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবির বলেন, ‘দেশ ও দেশের বাইরের গবেষকদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করার স্বপ্ন আমার ছিল। আমি চেয়েছি সকল বাধা উপেক্ষা করে এমন একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে, যেখানে দেশ-বিদেশের গবেষকরা অংশগ্রহণ করবেন। সেই লক্ষেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ সম্মেলনে ১৮০টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে ৭৬টি গবেষণাপত্র সম্মেলনে উপস্থাপন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের গবেষণাপত্র জমা দিয়েছেন। দেশ-বিদেশের গবেষকদের অংশগ্রহণে এ সম্মেলন জনপ্রশাসন বিষয়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আমরা আশা করছি।’

তিনি জানান, সম্মেলনটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। উপস্থাপিত ৭৬টি গবেষণাপত্রের মধ্যে ৯টি অনলাইনে এবং ৬৭টি সরাসরি উপস্থাপন করা হবে। দুই দিনে ১৫টি সেশনে এসব গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি সমসাময়িক জনপ্রশাসন ও শাসনব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হবে।

অধ্যাপক লাসনা কবির বলেন, বৈশ্বিক সংকটের বর্তমান বাস্তবতায় জনপ্রশাসন, শাসনব্যবস্থা ও নীতিগত প্রতিক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এ সম্মেলনের অন্যতম লক্ষ্য। দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, নীতিনিরূপক, পেশাজীবী ও শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে সমসাময়িক জনপ্রশাসন ও শাসনব্যবস্থার নানা বিষয় নিয়ে আলোচনা এবং মতামত বিনিময়ের সুযোগ তৈরি করা হবে।

তিনি আরও বলেন, গবেষণাপত্রগুলোতে বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর, অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নানাবিধ চ্যালেঞ্জ, ডিজিটাল পরিবর্তন, জনআস্থা, জলবায়ু শাসন ও নীতিগত উদ্ভাবনসহ আধুনিক শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে।

সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশ নেবেন। উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ। প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ডিইউপিএএএ-এর সভাপতি জালাল আহমেদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মেলনের সমাপনী পর্বে বক্তব্য দেবেন কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক। এছাড়া সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-এর সেক্রেটারি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারের রেক্টর জনাব সাঈদ মাহবুব খানসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত