অবশেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি জাতীয় সংসদ ভবনে গিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
সংসদ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ২টার দিকে এমপি মিষ্টি স্পিকারের কার্যালয়ে পৌঁছান। বৈঠককালে কক্ষে থাকা অন্য কর্মকর্তাদের বাইরে অবস্থান নিতে বলা হয়। মিনিট পাঁচেকের সংক্ষিপ্ত ও রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি স্পিকারের কাছে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র হস্তান্তর করে বেরিয়ে যান। এর আগে, সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় এমপি মিষ্টিকে অবিলম্বে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত ৫০ বছরের পুরোনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে প্রায় আড়াই শতাধিক সশস্ত্র মুখোশধারী তাণ্ডব চালিয়ে প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট ও অবকাঠামো গুঁড়িয়ে দেয়। এই নজিরবিহীন দখল ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এমপি মিষ্টি ও তার ঘনিষ্ঠদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পরপরই ক্লিনিকটি দখলমুক্ত করে নিজস্ব সাইনবোর্ড ফিরিয়ে আনা হয় এবং বিষয়টি উচ্চপর্যায়ে তদন্তে নেওয়া হয়।
ঘটনাটি নিয়ে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানান, নিরপেক্ষ তদন্তে অপরাধের সত্যতা পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেও ছাড় দেওয়া হবে না। সরকার ও দলের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এবং জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার দায়ে রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করতে তার বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত গৃহীত হলো।
এমপি ফেরদৌসীর পদত্যাগপত্র গ্রহণ, শূন্য আসন-২৩
কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি?