ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জানাজা সম্পন্ন হয়েছে। জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে শনিবার (৩ অক্টোবর) সকালে জানাজা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়।
একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে অন্তসত্ত্বা মর্জিনা ও তার ৫ বছর বয়সী শিশু সন্তান মিনানের এবং সিএনজি চালক সুজন আলীর জানাজা অনুষ্ঠিত হয় গোবিন্দবাড়ি গ্রামে। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী ও তার স্ত্রী মমতা বেগমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। তাদের দুজনকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। সব শেষে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে সড়ক দুর্ঘটনায় স্বজন এবং গ্রামবাসী। অবিলম্বে রাজিব বাসটি বন্ধ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে তারা।
এদিকে শুক্রবার (২ অক্টোবর) থেকে দূরপাল্লার রাজীব বাসগুলো কোন কিছু না জানিয়ে ঢাকার সাথে যোগাযোগ বন্ধ থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, শুক্রবার ময়মনসিংহে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ৪ জন ও চালকসহ ৭ জনের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গভীর রাতে মৃতদেহগুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।