পিরোজপুরের হুলারহাট থেকে অবৈধভাবে ভারত থেকে আসা কাপড়বাহী একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (৩ অক্টোবর) ভোরে এফ-১১৫৪৯ এফবি হাজী পেয়ার নামের ফিশিং ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারটি জব্দের সময় এতে থাকা লোকজন সেটি রেখে পালিয়ে যায়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার দিকে বরগুনার পাথরঘাটা বিসিজির একটি টহল দল বলেশ্বর নদীর দক্ষিণ চরদোয়ানী এলাকায় একটি মাছ ধরার ট্রলারকে থামার সংকেত দেয়। তবে সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে এগিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটির পিছু নেন। একপর্যায়ে ট্রলারটি পিরোজপুরের হুলারহাট খালে রেখে লোকজন পালিয়ে যায়।
পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি আটক করে সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট পয়েন্টে নিয়ে আসেন। সেখানে ট্রলারের ভেতরে বস্তাভর্তি বিপুল পরিমাণ শাড়ি পাওয়া যায়। তবে শাড়ির সঠিক পরিমাণ এখনো জানানো হয়নি।
বেকুটিয়া ফেরিঘাটের স্থানীয় বাসিন্দা সালমান হাওলাদার (৩৫) বলেন, ফজরের নামাজ পড়ে তিনি সেখানে একটি মাছ ধরার ট্রলার দেখতে পান। পরে জানতে পারেন, ট্রলারের ভেতরে অনেক অবৈধ শাড়ি রয়েছে। বিকেলে পুলিশ সদস্যদের অনেক বস্তা বের করতে দেখেছেন। সেগুলোর মধ্যে ভারতীয় অবৈধ শাড়ি রয়েছে।
স্থানীয় আরেক বাসিন্দা চয়ন ফকির (২৫) জানান, সেখানে পুলিশের একটি গাড়ি দেখে তিনি বিষয়টি সম্পর্কে জানতে চান। পরে কয়েকজনের কাছ থেকে জানতে পারেন, ট্রলারের ভেতরে অবৈধ পণ্য রয়েছে। বর্তমানে বস্তাভর্তি মালামাল নামানো হচ্ছে এবং রাস্তার পাশে শত শত বস্তা রাখা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি ফিশিং ট্রলার আটক করা হয়েছে। ট্রলার থেকে মালামাল খালাস করে পাশেই গণনা করা হচ্ছে। গণনা শেষে বিস্তারিত জানানো হবে।