পিডব্লিউডির সঙ্গে প্রথম ম্যাচে গোলের দেখা পায়নি আবাহনী। তবে দ্বিতীয় ম্যাচে তেড়েফুড়ে পাচ গোল করে ফেললো নীল জার্সিধারীরা। বাংলাদেশ ফুটবল লিগে আজ ৫-১ গোলে ওয়ান্ডারার্সকে হারিয়েছে মারুফুল হকের দল।
চাঁদপুর স্টেডিয়ামে তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় আবাহনী। মঈন আহমেদের অ্যাসিস্টে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যান্থনি ওকাচি। কয়েক মিনিট পর মঈন নিজেই গোল করলে ২-০তে এগিয়ে যায় আবাহনী।
১৬ মিনিটে জাহিদ হোসেনের গোলে ব্যবধান কমালেও তা ধরে রাখতে পারেনি ওয়ান্ডারার্স। ৩৩ মিনেটে নাইজেরিয়ার হয়ে বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে পেনাল্টি থেকে গোলে করে আবাহনীকে স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে যান।
৭৫ মিনিটে স্বদেশী সানডে আফোলাবির অ্যাসিস্টে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ওকাচি।
ইনজুরি টাইমে আল আমিন আবাহনীর পঞ্চম গোলটি করেন।
লিগের প্রথম হ্যাটট্রিক ওকাফোরের
গত বছর ফর্টিজ নিয়ে এসেছিল ওকাফোর। এবার তাকে ছেড়ে দিলে সিটি এফসি দলে নেয় এই নাইজেরিয়ানকে। আজ সাবেক ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। তবে তার হ্যাটট্রিক স্বত্বেও ফর্টিজ ড্র করেছে ম্যাচটি।
১৯ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে নিয়েছিলেন ওকাফোর। ৩৮ মিনিটে মোহাম্মদ ইব্রাহীম এবং ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ই, জালোর গোলে সমতায় ফেরায় ফর্টিজ। ৫৪ মিনিটে আবার ওকাফোর এগিয়ে নেন সিটিকে। ১৫ মিনিট পর জাপানি খেলোয়াড় নর্কি আকাদার আবার সমতা আনেন ফর্টিজকে। তবে খেলার বাকি সময়ে দুদলের কেউই আর গোল করতে না পারলে ৩-৩ এ শেষ হয় ম্যাচ।
দিনের আরেক ম্যাচে আরামবাগ-রহমতগঞ্জ ২-২ গোলে ড্র করেছে।