আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে, ছুড়ে ফেললেন হেলমেট

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ এএম

সরকারি কাজে বাধা, হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রিমান্ড শুনানির জন্য ঢাকার আদালত এলাকায় আখতারুজ্জামানকে আনা হলে প্রিজন ভ্যানের গেটে দাঁড়িয়ে হেলমেট ছুড়ে মারেন তিনি। প্রিজন ভ্যান থেকে নামানোর আগে তাকে হাতকড়া ও মাথায় হেলমেট পরাতে যান একজন পুলিশ সদস্য। এ সময় আখতারুজ্জামান বলেন, ‘হাত ধরবেন না, ডোন্ট টাচ মি।’ এরপর তাকে মাথায় হেলমেট ও হাতকড়া পরানো হয়। একপর্যায়ে তিনি হেলমেট ছুড়ে বাইরে ফেলে বলেন, ‘কেন আমি হেলমেট পরব।’ এ সময় তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন, ‘আমি  বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। জুলুম-নির্যাতন করে আমাদের থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।’ পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট এজলাসে নিয়ে যান পুলিশ সদস্যরা।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আখতারুজ্জামানের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের শুনানি করেন।

গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে আসা ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের বাগ্বিত-ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, আখতারুজ্জামান বিমানবন্দরের ইউডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, ‘ঘাড় ধরে বের করে দেব, আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?’ এ ঘটনায় মামলার পর গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিএনপি ছাড়ায় গ্রেপ্তার ও রিমান্ড-মিয়া গোলাম পরওয়ার : বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ওপর সরকারের ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিমানবন্দরের সেদিনের ঘটনায় দুজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এতে প্রমাণ হয় মেজর (অব.) আখতারুজ্জামান সঠিক অবস্থানে ছিলেন। বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রিমান্ডের আদেশ বাতিল এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

গতকাল শনিবার বায়তুল মোকাররম উত্তর গেটে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।

গোলাম পরওয়ার বলেন, ‘হেলমেট আর হাতকড়া পরিয়ে কী প্রমাণ করতে চান? তিনি কী অপরাধ করেছেন? তিনি কি বড়সড় কোনো অপরাধী?’ একজন সিনিয়র সিটিজেন, বীর মুক্তিযোদ্ধা ও তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতেই পারেন। প্রয়োজনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের শাসাতেও পারেন। কিন্তু বিমানবন্দরের ঘটনাকে ইস্যু করে তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে সরকার রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভ প্রকাশ করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত