সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে অভিযান

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৭ এএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি, সাবেক র‌্যাব) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)। গতকাল শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ক্লাবটিতে যৌথ এই অভিযান শুরু হয়। তবে ক্লাবটিতে অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জানা গেছে, তেজগাঁওয়ের ওই ক্লাব ও বার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের। জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালেও ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে গত বৃহস্পতিবার শুল্কমুক্ত মদ মজুদের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) এর যৌথ ওই অভিযানে ‘অননুমোদিত’ গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের দুটি বৈধসহ চারটি গুদাম সিলগালা করা হয়

এদিকে গতকাল শনিবার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কর্মকাণ্ডসংক্রান্ত সংবাদে নিজেকে ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে উপস্থাপন করায় আপত্তি জানিয়েছেন ব্যবসায়ী শেখ নূর ইসলাম। এক লিখিত প্রতিবাদপত্রে তার ব্যাখ্যা পাঠানো হয়। এতে বলা হয়েছে, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নূর ইসলামের মেয়ে দিশা ইসলামের বিয়ে শেখ নূর ইসলাম বা তার পরিবার মেনে নেয়নি। ওই বিয়ের পর থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে তাদের সব ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। একই সঙ্গে সম্প্রতি সিলগালা হওয়া ‘টসবন্ড’ নামের ওয়্যারহাউজটির মালিকানা অস্বীকার করে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে তার বা তার পরিবারের কোনো সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত, সামাজিক, ব্যবসায়িক বা অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে শেখ নূর ইসলামের নাম জড়িয়ে তাকে ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে সংবাদ, শিরোনাম, ভিডিও, থাম্বনেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উপস্থাপন করাকে ‘অনভিপ্রেত, অসত্য এবং অত্যন্ত অশোভন’ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদপত্রে।

ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষে এতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন মোহাম্মদ ফয়জুল করিম।

গত বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নেতৃত্বে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে গঠিত একটি দল গুলশানের টসবন্ড প্রাইভেট লিমিটেড নামের একটি বন্ডেড ওয়্যারহাউজে অভিযান চালায়। অভিযানে ওয়্যারহাউজটি সিলগালা করা হয়। পরদিন শুক্রবার ডিএনসির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। ওই দিন ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ সাংবাদিকদের বলেছিলেন, ওয়্যারহাউজটির মালিক নূর ইসলাম। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনে মালিক হিসেবে নূর ইসলামের নাম উল্লেখ করা হয়। এখন শেখ নূর ইসলামের পক্ষ থেকে সেই মালিকানার তথ্য অস্বীকার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত