গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন প্রায় ৩ ঘণ্টার যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর ভবনের ভেতরে আটকেপড়া ৬৯ জনকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট একযোগে কাজ করে সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বেলা পৌনে ৩টার দিকে ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকা-ের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে কোনাবাড়ী স্টেশনের ১টি, গাজীপুর ফায়ার স্টেশনের ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকা-ের পর ভবনের ভেতরে আটকেপড়া ৬৯ জনকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়। তবে আগুনে সৃষ্ট তীব্র ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ায় তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং আশপাশে পুকুর বা পানির কোনো পর্যাপ্ত উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ৯টি ইউনিটের টানা ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।