রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ছিনতাইয়ের চেষ্টাকালে আল-আমিন (২২) ও মো. রিফাত (২৩) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ডিএমপির সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গত শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার আওতাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে আল-আমিন ও রিফাতকে হাতেনাতে আটক করা হয়। পরে আটক দুজনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।