ঝগড়া থামাতে গিয়ে কলেজশিক্ষার্থী খুন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ এএম

সাতক্ষীরা শহরে চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক তরুণ খুন হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টা পৌনে বারোটার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। বাসা থেকে ডেকে নেওয়ার আধা ঘণ্টার মধ্যে কিশোরকে খুন করার ঘটনা ঘটেছে। জাকারিয়া দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তিনি উচ্চ মাধ্যমিকের ফলপ্রত্যাশী বলে জানান তার আত্মীয় মোহাম্মদ আজিম। নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের পুত্র এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাত ভাই। মাছুম বিল্লাহ শাহীন জানান, জাকারিয়া পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান। এ সময় সন্ত্রাসীরা তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত জাকারিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত