চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) দায়িত্বরত দুই আনসার সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে ট্রাকচালকদের বিরুদ্ধে। সিইউএফএলের লোড-আনলোডের মূল ফটকে শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। ঘটনার পর তাদের কারখানার মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য তরিকুল ইসলাম বলেন, ট্রাকচালকরা দলবদ্ধ হয়ে এসে আনসার সদস্যদের চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে অতর্কিত হামলা চালায়। এতে দুই আনসার সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও সিইউএফএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিইউএফএল কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি বলেন, দ্রুতগতিতে একটি ট্রাক গেটের ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি তারা মীমাংসা করে দেন। এর কিছুক্ষণপর ট্রাকচালকরা দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আলমগীর ও মানিক নামে দুই সদস্য আহত হন।
তিনি বলেন,এসব ট্রাকচালক সিইউএফএল কারখানার সার পরিবহনের কাজে নিয়োজিত এবং তাদের অধিকাংশই স্থানীয়। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, সিইউএফএল ও ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড প্ল্যান্ট থেকে পণ্য পরিবহনকারী ট্রাক থেকে নিয়মিত অর্থ আদায়ের একটি ব্যবস্থা রয়েছে। তাদের অভিযোগ,গাড়ি প্রতি ২০ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। কথিত এ অর্থ আদায়ের সঙ্গে আলমগীর, জানে আলমসহ বেশ কয়েকজন ব্যক্তি সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, সিইউএফএলের ভেতরে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়েই বন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।