চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ আইনজীবী ও সমাজসেবক নুরুল কবির রানা।
স্থানীয়দের মতে, এলাকায় ব্যাপক জনসম্পৃক্ততা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুবাদে তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
পেশাগত জীবনে অ্যাডভোকেট নুরুল কবির রানা চট্টগ্রাম বারের সদস্য। এছাড়া তিনি চাতরী ইউনিয়ন ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাতা। রাজনৈতিক মাঠেও রয়েছে তার বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক, চাতরী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আইন ছাত্র ফোরামের সাবেক সদস্য সচিব,বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সদস্য সচিব পদপ্রত্যাশী।
তার বাবা শেখ আহমদ এই ইউনিয়নের একাধিকবার ইউপি সদস্য ছিলেন। তার মা মরহুমা রিজিয়া বেগম সংরক্ষিত আসনে, বড়ভাবী ফাতেমা সৈয়দ ও বড়ভাই মোহাম্মদ ছৈয়দ ইউপি সদস্য হিসেবে ইতিপূর্বে নির্বাচন করেছেন। বর্তমানে তার স্ত্রী নিলুফার কবির এই ইউনিয়নের নারী ইউপি সদস্য। বাবার পথ ধরেই এবার নিজের এলাকার জনগণের সেবা করার মানসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ এই আইনজীবী।
স্থানীয় ভোটাররা বলছেন, তরুণ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হওয়ায় বিভিন্ন বয়সের মানুষের মাঝে নুরুল কবির রানার গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। সামাজিক উন্নয়নে তার সক্রিয় অংশগ্রহণ তাকে আলোচনায় নিয়ে এসেছে। নির্বাচন কমিশন কর্তৃক ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার খবরে, তিনি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর দুয়ারে কড়া নাড়ছেন এবং ব্যক্তিগত ভাবমূর্তি তুলে ধরে প্রচার চালাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাতরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে পারেন তিনি। তবে মাঠপর্যায়ে তার জনসম্পৃক্ততা ও সামাজিক উন্নয়ন কাজের ধারাবাহিকতায় সবার চেয়ে এগিয়ে থাকবেন নুরুল কবির রানা। তার সামনে একটাই চ্যালেঞ্জ, সব রাজনৈতিক মতাদর্শের ও গোষ্ঠীভিত্তিক সমর্থন আদায়।