ডেঙ্গু প্রতিরোধে ইবিতে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। পরে র‍্যালির মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। 

অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ পরিষ্কার করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে অংশগ্রহণকারী আল ফিকহ অ্যান্ড ল' বিভাগের শিক্ষার্থী আরিফ বলেন, বর্তমানে দেশে ডেঙ্গুর ভয়ংকর অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযানকে সাধুবাদ জানাই।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আজকের এই উদ্যোগটি শুধুমাত্র একদিনের আনুষ্ঠানিকতা না। এরই মধ্যে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। দেশের প্রান্তিক অঞ্চলগুলোতেও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। আমরা যদি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হই, তাহলে আমাদেরও এর ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এটিকে বাংলাদেশের অন্যতম একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই, যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় অনুসরণ করবে। আমরা এই ক্যাম্পাসকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন ও গ্রিন ক্যাম্পাসে রূপান্তর করতে চাই।

উল্লেখ্য, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত