টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পিএম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর বাসিন্দা ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮-এর বাসিন্দা নূর আলম (২৭) এবং জম মুল্লোক (৫০)।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালী পাড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

রবিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় কক্সবাজার এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া এলাকার পুরুল্লার ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে শনিবার দুপুরে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে অভিযানকারী সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদে হেফাজত থেকে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনই রোহিঙ্গা নাগরিক এবং তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানায়, সীমান্তবর্তী টেকনাফে মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত