মোটরসাইকেলের চাকায় মিলল ১৭ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পিএম

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ লিখন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়। শনিবার (৩ অক্টোবর) বিকেলে চকরিয়ার মালুমঘাট ইউনিয়নের জলদাশপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর মোহাম্মদ লিখন (৩১) শরীয়তপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করছিল। এ সময় কক্সবাজারের দিক থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেল থামানোর পর চালক লিখনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিখন মোটরসাইকেলের চাকার ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে তাকে আটক করে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের আইমান টায়ার অ্যান্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নিয় এর সামনের ও পেছনের চাকার ভেতরে রাখা ৩৮টি পোটলা থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক পাচারে অভিনব কৌশল নেওয়া হয়েছিল। তবে চকরিয়া থানা পুলিশ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত