কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সিকদার পাড়া এলাকার মৌলভী আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য সব্বিরের ছেলে মো. হারুন (২৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ রবিবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে হেলাল গুলিবিদ্ধ হন এবং হারুন আহত হন।
স্থানীয়দের ভাষ্য, সিকদার পাড়া এলাকার মৌলভী গফুরের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী পানছড়ি পাড়া এলাকার আলু গোলার পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতীতেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, বিরোধে জড়িত দুই পক্ষের বিরুদ্ধেই মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বর্তমানে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সদস্য শামসু মেম্বারের ভাই তোফাইল এবং অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মৌলভী গফুরের ছেলে রাসেল।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম ইসলাম বলেন, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলিবিদ্ধসহ দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবরাং বাজারে দুই পক্ষের কথাকাটাকাটিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২