আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহসহ তার পরিবারের চার সদস্যের ব্যাংকে রক্ষিত ১৫৫ কোটি এক লাখ ৪২ হাজার ৭০৮ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, জাফর উল্যাহর পরিবারের সদস্যদের নামে মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের গুলশান ও বনানী শাখায় বিপুল পরিমাণ এফডিআর, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব ও লকার রয়েছে। কাজী জাফর উল্যাহর নামে ৪৪টি হিসাবে ৪৯ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৯৫ টাকা, তার স্ত্রী নীলুফার উল্যাহর নামে ২৪টি হিসাবে থাকা ২৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৯৫ টাকা, বড় ছেলে কাজী ওমর জাফরের নামে ৩৩টি হিসাবে থাকা ২৩ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ছোট ছেলে কাজী রায়হান জাফরের নামে ২৮টি হিসাবে থাকা ২৩ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ৮৪৯ টাকা এবং মেয়ে আনুশকা মেহরীন জাফরের নামে ৪২টি হিসাবে থাকা ৩১ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ৫০৫ টাকা রয়েছে।
জাফর উল্যাহর নামে মেঘনা ব্যাংকে ৭১ লাখ ২২ হাজার ৯০৯ টাকা, মিডল্যান্ড ব্যাংকে ৯ কোটি ৬১ লাখ ৫ হাজার ১১১ টাকা এবং প্রিমিয়ার ব্যাংকে ১৩ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৯৪৪ টাকা থাকার তথ্য পাওয়া গেছে। মিডল্যান্ড ব্যাংকের হিসাবে তার নামে লকার সুবিধাও রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানে জানা যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব অস্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন—এমন তথ্য পাওয়া গেছে। এসব সম্পত্তি মামলা বা অভিযোগ নিষ্পত্তির আগে হাতবদল হয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে এসব সম্পত্তি অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন। উল্লেখ্য যে, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে গুলশানের বাসা থেকে কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।