রাজধানীর কামরাঙ্গীরচরে রাস্তার পাশে থাকা একটি পুরানো দেয়াল ধসে পড়ে দুই শিশু আহত হয়েছে। আহত আবির হোসেন নিহাল (৫) ও আরিয়ানকে (১১) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচরের আলী মোল্লা বাজার স-মিলের গলিতে এই দুর্ঘটনাটি ঘটে।
আহত নিহালের বাবা হারুন মিয়া জানান, সন্ধ্যায় বাসার গলিতে কয়েকজন শিশু একসাথে খেলছিল। সে সময় হঠাৎ রাস্তার পাশের একটি পুরানো দেয়াল তাদের ওপর ধসে পড়ে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে স্থানীয়দের সহায়তায় শিশুদের উদ্ধার করেন। খবর পেয়ে নিহাল ও আরিয়ানকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
তিনি আরও জানান, এই দুর্ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে বলে তিনি শুনেছেন, তবে তাদের কোন হাসপাতালে নেয়া হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
আহত আরিয়ানের বাসা একই গলিতে এবং সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, কামরাঙ্গীরচর থেকে আহত দুটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক এবং তার বাম পা ভেঙে গেছে।