শারজায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের জমজমাট ‘শরৎমেলা’

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ‘শরৎমেলা’

বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই-এর উদ্যোগে শনিবার (৩ অক্টোবর) শারজাহর হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও দেশীয় পণ্য প্রবাসের মাটিতে তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলা মেলায় দুবাই, শারজাহ ও আজমানসহ বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা। পাশাপাশি নারী উদ্যোক্তাদের তৈরি শাড়ি, থ্রি-পিস, জুয়েলারি, হস্তশিল্প ও বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা ছিল। দেশীয় খাবার, পোশাক ও নানা পণ্যের সমাহারে মেলাপ্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মেলায় শুধু কেনাকাটা ও বিনোদনের ব্যবস্থা ছিল না, প্রবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবারও আয়োজন করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা আয়োজন।

বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই-এর প্রতিষ্ঠাতা রোকসানা মজুমদার বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশি নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নেওয়া এবং তাদের তৈরি পণ্যকে বৃহত্তর পরিসরে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ফোরামের সভাপতি ও অ্যাডমিন নাজমা সুলতানা বলেন, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, প্রবাসে নিজেদের ব্যবসা ও পণ্য পরিচিত করার জন্য এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এতে একদিকে যেমন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়, অন্যদিকে উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতাও বাড়ে।

মেলায় আসা দর্শনার্থীরাও আয়োজকদের প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নিজেদের এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখার সুযোগ তৈরি করে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিতি লাভ করবে। একই সঙ্গে প্রবাসের মাটিতে বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।

মেলার আয়োজনে ছিলেন বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম ইউএই'র ফাউন্ডার রোকসানা মজুমদার, ফোরামের সভাপতি ও অ্যাডমিন নাজমা সুলতানা, মডারেটর সাইদা কায়সার জাহান সাইমন

মেলার আয়োজন, নারী উদ্যোক্তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখার বিষয়ে বক্তব্য রাখেন নারী নেত্রী নিশাত জাহান চৌধুরী নিশু, প্র্যাকটিশনার ও অ্যাসথেটিক বিশেষজ্ঞ ডা. আমানা মোহাম্মদ, মডারেটর প্রকৌশলী শারফিনা আফরোজ এবং গ্রুপ এক্সপার্ট সাদিয়া আফরিন প্রমুখ।

নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার প্রত্যয় এবং শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ-দুইয়ের সমন্বয়ে এবারের ‘শরৎমেলা’ পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত