সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। এ সময়ে ওই এলাকায় ৪০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, বরিশাল বিভাগে ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন এবং খুলনা বিভাগে ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে রাজশাহী বিভাগে ১০৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার পর গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৩ হাজার ৩৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।