নরসিংদীর মাধবদী নগর পাচদোনায় ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’-এ ক্লাসসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন জন্ম থেকে দুই হাত না থাকা মো. আলতাফ হোসেন।
জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন আলতাফ হোসেন। জন্মগতভাবে দুই হাত না থাকার বাস্তবতা দেখে তাঁর দাদা আদর করে নাম দিয়েছিলেন ‘দুখু মিয়া’। তবে জীবনের এই দুঃখকে কখনো নিজের দুর্বলতা হতে দেননি তিনি। অদম্য মানসিক শক্তি ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে একের পর এক বাধা পেরিয়ে সামনে এগিয়ে গেছেন।
১৯৮৬ সালে ডিগ্রি পাস করার পর চাকরির আশায় বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরেছেন আলতাফ হোসেন। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোথাও চাকরির সুযোগ পাননি। এতে থেমে না গিয়ে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
এরই ধারাবাহিকতায় নরসিংদীর মাধবদীর নগর পাচদোনা এলাকায় প্রতিষ্ঠা করেন ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’। দীর্ঘ ২০ বছর ধরে প্রতিষ্ঠানটি তাঁর স্বপ্ন, সংগ্রাম ও আত্মনির্ভরতার প্রতিচ্ছবি হয়ে রয়েছে।
জন্মের পর যে মানুষটির নাম রাখা হয়েছিল ‘দুখু মিয়া’, অদম্য ইচ্ছাশক্তির কাছে সেই দুঃখকেই হার মানিয়েছেন আলতাফ হোসেন। তার প্রতিষ্ঠানে পড়াশোনা করা অনেক শিক্ষার্থী বর্তমানে দেশে প্রতিষ্ঠিত হয়েছেন।