স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার চলছে: স্থানীয় সরকার মন্ত্রী

মন্ত্রী বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে এবং কোনো ভুয়া ভোটে নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে এবং কোনো ভুয়া ভোটে নয় বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে গুটি কয়েক মানুষের মিথ্যাচার ও ধোঁকাবাজি সহ্য করা হবে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বরং আইনের শাসনে বিশ্বাস করে। আইনের অপব্যবহারকারীরা কেউ ছাড় পাবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহ প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত