নারায়ণগঞ্জে দুই ট্রাকের চাপায় ফেরির লাইনম্যান নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে আশরাফ হোসেন আসাদ (৪৫) নামে এক ফেরির লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকালে বক্তাবলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ হোসেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি বক্তাবলী ফেরিঘাটে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধলেশ্বরী নদীতে যানবাহন পারাপারের জন্য ব্যবহৃত বক্তাবলী ফেরিঘাটের উভয় তীরের সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। ফেরিতে ওঠার সংযোগ সড়কটি উঁচু-নিচু ও ভাঙাচোরা হওয়ায় যানবাহন ফেরিতে ওঠার সময় চালকদের গাড়ি নিয়ন্ত্রণে রাখতে সমস্যায় পড়তে হয়।  

সোমবার সকালে প্রথমে একটি ট্রাক ফেরিতে ওঠে। পরে দ্বিতীয় একটি ট্রাক ফেরিতে ওঠার সময় আশরাফ হোসেন আসাদ যানবাহনের সিরিয়াল দেখাচ্ছিলেন। এ সময় দ্বিতীয় ট্রাকটি দ্রুতগতিতে ফেরিতে উঠে নিয়ন্ত্রণ হারালে তিনি দুই ট্রাকের মাঝখানে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে ফেরিতে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, ফেরিতে ওঠার সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও উঁচু-নিচু অবস্থায় রয়েছে। এর আগে একই স্থানে সড়কের বেহাল অবস্থার কারণে আখের রস বিক্রেতার মাদরাসাপড়ুয়া এক শিশু সন্তান ট্রাকের চাপায় নিহত হয়।

স্থানীয়রা আরও জানান, ফেরিতে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকায় এর আগেও কয়েকটি যানবাহন মাঝ নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

তাদের দাবি, দুর্ঘটনা রোধে দ্রুত ফেরিতে ওঠার সংযোগ সড়ক সংস্কার করতে হবে। পাশাপাশি ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় দুর্ঘটনা বন্ধে স্থানীয়রা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত