বান্দরবানে জিপ উল্টে প্রাণ গেল ২ জনের, আহত ৫

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের দুর্গম ২১ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বিকেলে আলীকদম উপজেলা সদর থেকে কয়েকজন পর্যটক ও স্থানীয় যাত্রী নিয়ে একটি জিপ থানচির তিন্দু বাজার, নাফাখুম ও অমিয়াখুমের উদ্দেশ্যে রওনা দেয়। জিপটি আলীকদম-থানচি সংযোগ সড়কের ২১ কিলোমিটার এলাকায় পৌঁছালে পাহাড়ি ঢালু সড়ক দিয়ে নিচে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে জিপটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিহত দুইজনের মরদেহ আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

৩৮ বিজিবির অ্যাডজুট্যান্ট মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আলীকদম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত