ফেনীতে ৪ বাসকে জরিমানা, ৭ হাইড্রোলিক হর্ন ধ্বংস

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

ফেনীর মহিপালে শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্যবহৃত সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফেনীর মহিপাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শব্দদূষণ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।  

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ফেনীস্থ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ বলেন, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। কর্তৃপক্ষের এমন অভিযান অব্যাহত থাকলে যানবাহনে নিষিদ্ধ ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্নের ব্যবহার কমার পাশাপাশি জনসাধারণের জন্য শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত