জয়নাল আবদিন ভিপির হোয়াটসঅ্যাপ হ্যাক করে টাকা দাবি 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরের নিয়ন্ত্রণ নিয়ে তার পরিচিতজনদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ওই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি জানার পর এমপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

এমপির পরিচিত কয়েকজন ব্যক্তি হোয়াটসঅ্যাপে টাকা চাওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) গোলাম কিবরিয়া পূর্ণ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সতর্কতামূলক পোস্ট দেন।

সেখানে তিনি জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক করা হয়েছে। ওই নম্বর থেকে কোনো ধরনের বার্তা, অনুরোধ বা আর্থিক লেনদেনের প্রস্তাব এলে কাউকে লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য বা ওটিপি না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি তার ব্যক্তিগত ফেসবুক পেইজে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করেন। সেখানে বলা হয়, প্রতারণা থেকে সাবধান, আমার ব্যবহৃত মোবাইল নম্বরের WhatsApp অ্যাকাউন্ট/পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে টাকা পাঠানোর জন্য অনুরোধ করছে বলে জানতে পেরেছি।

আমি স্পষ্টভাবে জানাচ্ছি, এই ধরনের কোনো টাকা চাওয়ার বার্তা আমার পক্ষ থেকে পাঠানো হয়নি এবং এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি সকলের প্রতি অনুরোধ করেন, WhatsApp-এ আমার পরিচয়ে কেউ টাকা চাইলে কোনোভাবেই টাকা পাঠাবেন না। কোনো অনুরোধ পেলে সরাসরি আমার পরিচিত/বিশ্বস্ত মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি যাচাই করুন। প্রতারণামূলক কোনো নম্বর, WhatsApp অ্যাকাউন্ট বা বিকাশ নম্বরের তথ্য পেলে সংরক্ষণ করুন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।

সকলকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ করছি। বিষয়টি নিয়ে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। একইসঙ্গে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, এমপির পরিচিতজনদের কাছে পাঠানো বার্তার মাধ্যমে কেউ অর্থ পাঠিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। "বিকাশে ৩৫ হাজার টাকা দেওয়ার মতো পরিচিত কেউ আছে জানাও" এমন একটি মেসেজ এই প্রতিবেদকের মোবাইলেও এসেছে, পরবর্তীতে তাকে জানানো হলে তিনি হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বলে জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত