পাবনা

৪০ বোতল ফেনসিডিল মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের আলহাজ মোড়ের পশ্চিম পাড়ার হাসেম প্রামাণিকের ছেলে। রায় ঘোষণার সময় আসামি মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে আসামিকে নিজ এলাকা থেকে আটক করে ঈশ্বরদী থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়, যার জিআর নম্বর-১০৯/১৩। দীর্ঘ শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত