ভারত ক্ষমা চাইবে না, তাই পাকিস্তানও খেলবে না

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
গত মৌসুমে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানানোর ঘটনাকে কেন্দ্র করে এবার 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস' (ডব্লিউসিএল)-এর চলমান আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।

আয়োজকদের সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে খেলোয়াড়দের এনওসি (অনাপত্তিপত্র) দিতে অনিচ্ছুক থাকলেও পরবর্তীতে শর্তসাপেক্ষে রাজি হয়। পিসিবি দাবি করেছিল, গত মৌসুমের ঘটনার জন্য ভারতীয় দলকে লিখিত ক্ষমা চাইতে হবে। তবে পিসিবির এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ডব্লিউসিএল আয়োজক কর্তৃপক্ষ।

পাশাপাশি, ভারতীয় খেলোয়াড়রা যদি অংশ নিতে না চান, সে ক্ষেত্রে পিসিবির কোনো আপত্তি থাকবে না—আয়োজকদের কাছ থেকে এমন নিশ্চয়তাও চাওয়া হয়েছিল। দুটি দাবিই নাকচ হয়ে যাওয়ার পর পাকিস্তান দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তবে ডব্লিউসিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, "অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির" কারণে পাকিস্তান শারজায় চলমান চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ডব্লিউসিএলের গত আসরে পাহালগাম হামলার পর ভূরাজনৈতিক উত্তেজনা ও জনমতের বিষয়টি মাথায় রেখে ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পাদের নিয়ে গঠিত ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি। ফলে গ্রুপ পর্বের ম্যাচটি যেমন বাতিল হয়, তেমনি সেমিফাইনালেও ভারত না খেলায় ওয়াকওভার পেয়ে পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে গিয়েছিল।
 
এবার শারজায় অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট, যাতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশও অংশ নিচ্ছে। 
 
সর্বশেষ সর্বাধিক পঠিত