সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে শারজাহ ন্যাশনাল পার্কে কলম একাডেমি লন্ডন-ইউএই চ্যাপ্টারের উদ্যোগে ‘অক্ষরে অমরতা’ স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কলম একাডেমি লন্ডন-ইউএই চ্যাপ্টারের সাধারণ সম্পাদক শাহেদ সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যাপ্টারের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তৌয়ব চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চ্যাপ্টারের মিডল ইস্ট কো-অর্ডিনেটর কবি মোফাচ্ছেল হক শাহেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইউএই-এর ম্যানেজার ও চ্যাপ্টারের উপদেষ্টা মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া। বিশেষ বক্তা ছিলেন চ্যাপ্টারের উপদেষ্টা ও লেখক মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সাংবাদিক মাহবুব সরকার, সৈয়দ জাহাঙ্গীর আলম, জালাল আহাম্মদ, রফিকুল ইসলাম রুমান, সেকান্দর চৌধুরী ও ফারদিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
বক্তারা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা বলেন, সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় লেখক ও সাহিত্যিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, কলম শুধু লেখার মাধ্যম নয়; এটি মানুষের চিন্তা, বিবেক ও সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। একটি শব্দ মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনতে পারে, একটি কবিতা জাগিয়ে তুলতে পারে বিবেক, আর একটি সত্যনিষ্ঠ লেখা হয়ে উঠতে পারে সময় ও সমাজের গুরুত্বপূর্ণ দলিল।
অনুষ্ঠানে কেক কাটা, সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনা এবং কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ১৬ বছরের পথচলায় কলম একাডেমি লন্ডনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।