মঞ্চে উঠছে আরব্য রজনীর ‘আলাদিন’

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

বহুল প্রচলিত আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’ এবার মঞ্চে নিয়ে আসছে সানিডেইল মিডল স্কুল। নাটক, সংগীত, নৃত্য ও জাদুর সমন্বয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ মঞ্চনাটকের তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৮ ও ৯ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় থিয়েটার হলে। সানিডেইল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা যৌথভাবে এ আয়োজন করছে। প্রথম প্রদর্শনী ৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় এবং দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও লেখক আবুল হায়াত এবং একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি নাট্যকার, পরিচালক ও অভিনেতা মামুনুর রশীদ। ‘আলাদিন’ নাটকটি আরব্য রজনীর বহুল পরিচিত গল্প অবলম্বনে নির্মিত। ছোট্ট প্রদীপ, জিনি, জাদুর গালিচা, রাজকন্যা ও দুষ্ট জাফরকে ঘিরে রোমাঞ্চকর এ গল্পে এবার নিজেদের সৃজনশীলতার ছাপ রাখছে সানিডেইলের মিডল স্কুলের তরুণ শিল্পীরা।


আয়োজকদের ভাষ্য, অভিনয়, সংগীত ও নৃত্যের মাধ্যমে শিক্ষার্থীরা গল্পটির মূল জাদু অক্ষুণ্ন রেখে এতে নিজেদের স্বতন্ত্র উপস্থাপন করেছে। একই সঙ্গে নাটকের আড়ালে তুলে ধরা হয়েছে সাহস, দয়া, সততা এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব। ধন-সম্পদ বা বাহ্যিক চাকচিক্য নয়, মানুষের প্রকৃত মূল্য তার চরিত্র ও কাজের মধ্যেই নিহিত, এমন বার্তাই নাটকটির অন্যতম মূল বক্তব্য। নাটকটির পরিচালক ও সেট কনসেপ্টের দায়িত্বে রয়েছেন মো. মিজানুর রহমান মিতুল। সংগীত পরিচালনায় নীল কামরুল এবং কোরিওগ্রাফিতে স্নাতা শাহরিন। কস্টিউম ডিজাইনে রয়েছেন ইরা বালা, স্নাতা শাহরিন, শ্রেয়শ্রী সরকার ও আনিকা হোসেন বৈশাখী। সেট ও প্রপসের দায়িত্বে এবি সিদ্দিকী ও তার দল। লাইটিং ডিজাইনে মো. মুখলেছুর রহমান এবং মেকআপে রয়েছেন মো. আলী বাবুল।


নাটকটির প্রধান চরিত্র আলাদিনে অভিনয় করছেন সামিউ মামুন জাঈম, জেসমিন চরিত্রে নাদিয়া আফরিন, জিনি চরিত্রে মোহাম্মদ আয়ান আবদুল্লাহ এবং জাফর চরিত্রে আরেব আজরফ। সুলতান চরিত্রে রয়েছেন শ্রেয়ান ওয়ার্দী। এ ছাড়া কথক ও প্রহরীর ভূমিকায় রেহানুস সামাদ খান, ইয়াগো চরিত্রে শরীন মির্জা, কাসিম চরিত্রে ইউজারসিফ মুহাইমিন রহমান, খৈয়াম ও গুহার কণ্ঠে মুস্তাকিম জামান খান, ওমর চরিত্রে জারিফ আহমেদ আয়াত এবং ববক চরিত্রে অনিরুদ্ধ মনন অভিনয় করছেন।

নাটকের অন্যান্য চরিত্রে রয়েছেন ডালিয়া, রানী, রাজুল, প্রিন্স অ্যান্ডার্স, ম্যাজিক কার্পেট, রাজা, দোকানদার, শহরের মানুষ ও গার্ড চরিত্রে সানিডেইলের শিক্ষার্থীরা।নাটকের সংগীত ও নৃত্য দলেও রয়েছে মিডল স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থী। তাদের পরিবেশনার সঙ্গে মঞ্চসজ্জা ও সৃজনশীল প্রদর্শনী আয়োজনেও কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সানিডেইল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ ও মঞ্চশিল্পের সঙ্গে পরিচিত করার পাশাপাশি দর্শকদের জন্য একটি আনন্দময় ও জাদুময়ী সন্ধ্যা উপহার দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত