একই পরিবারের একাধিক সদস্যের জন্য নয় সারের ডিলারশিপ: আদালত

অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা আদেশের কারণে পুরোনো ডিলারশিপ বহাল রাখার সুযোগ তৈরি হয়েছিল। তবে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করায় সরকারের নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগের প্রক্রিয়া চলতে বাধা থাকল না।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার কার্যকারিতার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (৭ অক্টোবর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবা জুঁই। রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকরামুল হক টুটুল।

এর আগে, একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এমন নীতিমালার বিধান চ্যালেঞ্জ করে পাঁচ ব্যক্তি রিট করেন। শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ নীতিমালার কার্যকারিতার ওপর স্থিতাবস্থা দেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আদেশের পর সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন, ২০০৯ সালের নীতিমালায় একই পরিবারের একাধিক সদস্যের নামে সার ডিলারশিপ নেওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না। ফলে স্বামী, স্ত্রী, সন্তান বা পুত্রবধূর নামে একাধিক ডিলারশিপ নিয়ে পারিবারিকভাবে ব্যবসা নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হয়েছিল।

তিনি বলেন, পারিবারিক মনোপলি বন্ধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং কৃষকদের কাছে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ২০২৫ সালের নীতিমালায় এ বিধান যুক্ত করা হয়। চলতি বছরের আগস্টে তা সংশোধন করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা আদেশের কারণে পুরোনো ডিলারশিপ বহাল রাখার সুযোগ তৈরি হয়েছিল। তবে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করায় সরকারের নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগের প্রক্রিয়া চলতে বাধা থাকল না।

সর্বশেষ সর্বাধিক পঠিত