বিষাক্ত মাছ বিক্রির অপরাধে জরিমানা, মাছ বিনষ্ট

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া খাঁনহাট বাজারে সামুদ্রিক মাছে নিষিদ্ধ ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রায় ১৭ হাজার টাকা মূল্যের বিষাক্ত রঙ মেশানো মাছ জব্দ করে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালক চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এই জনিমানা করেন। 

তিনি জানান,জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড নেওয়া হবে না। সামুদ্রিক মাছে নিষিদ্ধ রং ব্যবহার করায় মাছগুলো বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে গাছবাড়িয়া খাঁনহাট বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সামুদ্রিক মাছে আকর্ষণীয় দেখানোর জন্য ক্ষতিকর কেমিক্যাল রং ব্যবহার করে আসছিলেন। এমন খবর পেয়ে ইউএনও বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে রঙ মেশানোর প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে এক বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এসময় ইউএনওকে অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানবীর আহসান। 

সর্বশেষ সর্বাধিক পঠিত