যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় বাসের হেলপার নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় ট্রাকের চাপায় শাওন (১৭) নামে এক বাসের হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন হোসেন জানান, নিহত শাওন গুলিস্তান-ভুলতা রুটের ডিটিএল বাসের হেলপার হিসেবে কাজ করত। বিকেলে গুলিস্তান থেকে ভুলতার দিকে যাচ্ছিল বাসটি। এ সময় শাওন বাসের দরজার কাছে দাঁড়িয়ে ছিল। কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাওনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই শাহিন হোসেন আরও জানান, নিহত শাওনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। সে বাসের মধ্যেই থাকত। দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত