চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাংলা বাজারে মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং ব্যবহারের দায়ে ১২০ কেজি ওলুয়া মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা। পরে জনসমক্ষে এসব মাছ ধ্বংস করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান উপস্থিত ছিলেন।
একই অভিযানে প্রকাশ্য স্থানে ধূমপানের অপরাধে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে এক বাসচালককে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে চন্দনাইশ পৌরসভার বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডারের দামও তদারকি করা হয়।
ইউএনও মো. আবদুর রহমান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সামুদ্রিক মাছে নিষিদ্ধ রং ব্যবহার করায় মাছগুলো বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।