ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্মাণ সামগ্রী রেখে শিক্ষার্থীদের খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ,পাঁচ দিন ধরে সড়কের নির্মাণ সামগ্রী পাথর, বিটুমিন, পেইজ ঢালায়ের ড্রাম, মিকচার মেশিন এ মাঠে রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলায় সমস্যা হচ্ছে। অনেকে পায়ে পাথরের আঘাতে আহতও হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ঐতিহ্যবাহী এ মাঠে জাতীয় দলের সাবেক দেশসেরা গোলরক্ষক আমিনুল ইসলাম ও সাবেক অধিনায়ক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল খেলেছেন। প্রতিদিন অর্ধশত খেলোয়ার এখানে বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়।
জানা গেছে, ঝালকাঠি পুলিশ বক্স থেকে সারেঙ্গল বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের জন্য দুই কোটি বরাদ্দ করা হয়েছে। ঝালকাঠি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির গাজী হাকিম এন্টারপ্রাইজের মাধ্যমে সড়ক নির্মাণ কাজ করছেন এবং কাজের জন্য নির্মাণ সামগ্রী এই মাঠে রাখা হয়েছে।
স্থানীয় ক্রীকেটার মেহেদী হাসান বলেন, মাঠের মধ্যে নির্মাণ সামগ্রী রাখায় আমাদের খেলাধূলা করতে কষ্ট হচ্ছে। অনেকে আহত হয়েছে। আমরা এর সমাধান চাই।
ফুটবলার আজিজুল রহমান বলেন,এখন শুকনো মৌসুম, প্রতিদিনই আমাদের অনুশীলন করতে হয়।কিন্তু মাঠের মধ্যে নির্মাণ সামগ্রী রাখায় আমাদের অনুশীলন ব্যাহত হচ্ছে। পায়ে মধ্যে ইট, পাথর ঢুকে আমাদের খেলোয়াড়রা আহত হচ্ছে। আমরা চাই দ্রুতই আমাদের মাঠ থেকে এসব নির্মাণ সামগ্রী অপসারণ করা হোক।
ঠিকাদার ঝালকাঠি পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাকির গাজী বলেন, এই সড়কের অন্য কোথাও খালি জায়গা না থাকায় বাধ্য হয়ে স্কুলের মাঠে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। তবে খেলোয়াড়দের যাতে সমস্যা না হয় সেজন্য নেট দিয়ে এসব সামগ্রী আটকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।