সিয়েনা অ্যাওয়ার্ডসে রূপালী ব্যাংক কর্মকর্তার দ্বৈত অর্জন

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি পৃথক বিভাগে স্বীকৃতি পেয়েছেন রূপালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ও আলোকচিত্রী পিনু রহমান। প্রতিযোগিতার সৃজনশীল আলোকচিত্র বিভাগের মানুষ বিভাগে তার ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবি সেরা নির্বাচিত হয়েছে। এর মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ প্যাঞ্জিয়া পুরস্কার। একই আয়োজনে প্রামাণ্যচিত্র ও সংবাদ আলোকচিত্র বিভাগে তার ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ ছবিটি বিশেষ সম্মাননা পেয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ইতালির ঐতিহাসিক শহর সিয়েনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়। স্থানীয় সময় বিকেল ৫টায় শহরের ঐতিহাসিক তেয়াত্রো দেই রিনোভাত্তিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক আলোকচিত্র জগতের বিশিষ্ট ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন।

দুটি বিভাগে স্বীকৃতি পাওয়ার পর পিনু রহমান বলেন, আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং দুটি পৃথক বিভাগে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার দৃশ্যভিত্তিক গল্প বলার যাত্রা এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প তুলে ধরার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর সিয়েনা অ্যাওয়ার্ডসের তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৬৩টি দেশ থেকে ৪০ হাজারের বেশি ছবি জমা পড়ে। আয়োজনের ১২তম সংস্করণে রয়েছে সিয়েনা আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কার, সৃজনশীল আলোকচিত্র পুরস্কার ও ড্রোন আলোকচিত্র পুরস্কার। এবারের আলোকচিত্র উৎসব ১০ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিয়েনা ও আশপাশের বিভিন্ন স্থানে চলবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো উৎসবের মূল প্রদর্শনী ‘পিপল শেয়ারিং অল দ্য ওয়ার্ল্ড’-এ প্রদর্শন করা হবে। পাশাপাশি ছবিগুলো দ্বিভাষিক বিশেষ আলোকচিত্রগ্রন্থ ‘বিয়ন্ড দ্য লেন্স’ সিরিজেও স্থান পাবে।

এবার সিয়েনা আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারে বর্ষসেরা আলোকচিত্রী নির্বাচিত হয়েছেন ইতালির আলোকচিত্রী স্তেফানো রোসেল্লি। আফগানিস্তানে ধারণ করা তার ‘আমিনা’ শিরোনামের ছবিটি এ সম্মান অর্জন করে।

২০১২ সাল থেকে আলোকচিত্র চর্চার সঙ্গে যুক্ত পিনু রহমান মানুষ, সমাজ, ভ্রমণ ও প্রামাণ্য আলোকচিত্রের মাধ্যমে নানা গল্প তুলে ধরছেন। এর আগে তিনি ২০২৬ সালের সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের জাতীয় বিজয়ী নির্বাচিত হন। তার ছবি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় দুটি পৃথক বিভাগে স্বীকৃতি পিনু রহমানের আলোকচিত্রচর্চার উল্লেখযোগ্য অর্জন। একই সঙ্গে তার এ সাফল্য বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্রীদের কাজ এবং দেশের মানুষের গল্প তুলে ধরার সুযোগ আরও বিস্তৃত করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত