শান্ত-হাসানদের প্রশংসায় পঞ্চমুখ রমিজ রাজা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতেই। গতকাল তৃতীয় দিনের শুরুতেই পেসার হাসান মাহমুদের চোখধাঁধানো হ্যাটট্রিক আর ফাইফারের সুবাদে আফগানদের ২৪০ রানে গুটিয়ে দিয়ে দেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয় সামলে দলের ভিত শক্ত করেন নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এতেই তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হাতে রেখে লিড পৌঁছে যায় ৩২৯ রানে। 

চাপের মুখে শান্ত-মুশফিকের ১৫৯ রানের সেই জুটিটাই বাংলাদেশকে নিয়ে গেছে জয়ের সুবাস পাওয়ার অবস্থানে। আর মাঠের এমন দারুণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে শান্ত-হাসানদের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।

একমাত্র টেস্টের এই সিরিজে ধারাভাষ্য দেওয়ার সুবাদে খুব কাছ থেকে বাংলাদেশের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন রমিজ। সঙ্গে ম্যাচের বিশ্লেষন করেছেন নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও। সেখানেই হাসানের বোলিং নিয়ে রমিজ রাজা সরাসরি জানান, ‘হাসান মাহমুদ চমৎকার করছে। তার স্পেলের কারণেই ম্যাচটা ঘুরে গেছে। দারুণ এক হ্যাটট্রিক করেছে। নতুন বলে ১০ মিনিটেই ম্যাচটা একপেশে করে দিয়েছে। হাসান মাহমুদকে যতই দেখি ততই ভালো লাগে। দারুণ লেন্থ, মুভমেন্ট আছে বলে, মুখে হাসিও আছে। ২৪-২৫ বছর বয়স। খুব ভালো সম্ভাবনা রয়েছে।’ 

হাসানের সেই পেস তোপেই তৃতীয় দিনে ৪ উইকেটে ২১১ রান নিয়ে শুরু করা আফগানরা প্রথম ইনিংসে সেখানে যোগ করতে পেরেছে কেবল ২৯ রান। 

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা আফগানিস্তানের বিপক্ষেও বজায় রাখায় তরুণ এই পেসারকে প্রশংসায় ভাসান তিনি। একই সাথে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশের চতুর্থ স্থানে থাকার পেছনে মানসম্মত পেস আক্রমণ, স্পিন বিভাগ ও ভালো ব্যাটারদের অবদানের কথাও তুলে ধরেন রমিজ।

অধিনায়ক শান্তর ব্যাটিং শৈলী ও দল পরিচালনা নিয়ে আলাদাভাবে মুগ্ধতা প্রকাশ করেছেন পাকিস্তানি এই বিশ্লেষক। প্রথম ইনিংসে ৫৩ রানে ৩ উইকেট পতনের পর শান্ত ও মুশফিকের দেড়শ পেরোনো জুটি ইনিংসটিতে যেভাবে স্থিতিশীলতা এনে দিয়েছে, তার প্রশংসা করে রমিজ রাউল্লেখ করেন, ‘শান্তর ইনিংস নিয়ে বলব এমন পরিষ্কার ইনিংস আর কেউ খেলেনি। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সে উইকেট ছুঁড়ে দিয়ে আসেনি। ব্যাটিং করার সময়ে অনেকের অনেক জায়গাতে ভুল হতে পারে, টাইমিংয়ে সমস্যা হতে পারে। এরপরেও সে শেষ পর্যন্ত লড়াই করে ৮০-৮৫ রানের ইনিংস খেলেছে।’ 

শুধু ব্যাটিং নয়, শান্তর নেতৃত্বেই দলটির সামগ্রিক উন্নতি ঘটছে বলে মনে করেন রমিজ। সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরের মতো কঠিন চ্যালেঞ্জগুলোতেও বাংলাদেশ দারুণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। 

এদিকে আবুধাবিতে ইতিমধ্যেই শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। আফগানদের সামনে লক্ষ্যটা আরও বড় করতে এই মুহূর্তে ব্যাট করছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭৮ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫১ রান। লিড ছাড়িয়েছে সাড়ে তিনশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত