জন্মদিনে কে কোথায় কী করছেন?

আজ ১২ অক্টোবর দেশীয় শোবিজের হাফ ডজন তারকার জন্মদিন। বিশেষ দিনে এই তারকারা আজ সিক্ত হচ্ছেন ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা আর ভালোবাসায়। তারা নিজেরাও দিনটিকে বিশেষ করে তুলতে চেষ্টা করছেন। চলুন জেনে নেয়া যাক জন্মদিনে কার কেমন আয়োজন-

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম

ফেরদৌস আরা: একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা জন্মদিন আজ। যদিও সব ধরনের গান করেন এই গায়িকা। নজরুল এবং উচ্চাঙ্গ সংগীত চর্চার জন্য তিনি ২০০০ সালে মোহাম্মদপুরে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক। সংগীতে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক। এ ছাড়াও বেসরকারি উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে নিউহ্যাম ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড, সানরাইজ রেডিও অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পদক, নজরুল পুরস্কারসহ নানা সম্মাননা। জন্মদিন উপলক্ষে আজও প্রতিবারের মতো চ্যানেল আইসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।  পাশাপাশি তার  নিজের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও নানা আয়োজন করেছেন তাকে নিয়ে। 

মেহের আফরোজ শাওন: বহুমাত্রিক প্রতিভা মেহের আফরোজ শাওন জন্মদিনের সকালেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাথায় মুকুট পরা একটি ছবি পোস্ট করে  লম্বা বক্তব্য দিয়েছেন। সবশেষে সবার দোয়াও কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। চট্টগ্রামে জন্ম হলেও সব সার্টিফিকেটে জন্মস্থান হিসেবে জামালপুরের নাম দেয়া। কাজটা করেছেন আমার বাবা! নিজ এলাকা জামালপুরের প্রতি ওনার এই পক্ষপাতের কারণে আমার জন্মস্থান বদলে গেলেও চট্টগ্রামের জন‍্য আমার নাড়ীর টান থেকেই গেল। প্রখ‍্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ (Gynecologist) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ সৈয়দা নুরজাহান ভূঁইয়ার হাতে অস্ত্রোপচারের মাধ্যমে আমার জন্মের সময়ের অনেক গল্প মা-বাবার কাছ থেকে শুনেছি।’ তিনি আরও লিখেছেন, আমার সাম্প্রতিক জন্ম ২০২৪ সালে। এই জন্মের পর আমি আগের চেয়ে পরিনত, অনেক দৃঢ়। আশপাশের মানুষের ভেতরের অমানুষ যেমন চিনেছি তেমনি দূরের লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিজেকে ভালোবাসতে শিখেছি। আমার প্রতিটা পদক্ষেপ এখন আমার জন্য, প্রিয়জনদের জন‍্য, যারা এই আমিকে ভালোবাসেন তাদের জন্য। এই পদক্ষেপে অনিচ্ছাকৃত কোনো ভুল যেন না হয় সে চেষ্টা থাকবে। আমি মেহের আফরোজ শাওন। বেগম তহুরা আলী এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বড় কন‍্যা, মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে বহু কষ্টে অর্জিত এই বাংলাদেশের একজন গর্বিত সন্তান। চমৎকার দু’টি সন্তানের বন্ধুর মতো মা, হুমায়ূন আহমেদ এর কুসুম… নিজ রাজ‍্যের রাজকুমারি। আপনারা আমাকে শুভকামনায় রাখবেন। কৃতজ্ঞতা, ভালোবাসা।’

সোহানা সাবা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সোহানা সাবা। মুরাদ পারভেজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর লম্বা সময় ধরে একমাত্র সন্তানকে নিয়ে একাই বসবাস করছিলেন। তবে সম্প্রতি তিনি জানিয়েছিন বেশ কিছুদিন আগেই আবার বিয়ে করেছেন তিনি। সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল, যিনি পেশায় একজন সফল ব্যবসায়ী। আজকের দিনটা স্বামী সন্তান নিয়েই কাটিয়ে দেবেন বলে জানান এই অভিনেত্রী।

মৌসুমী হামিদ : লাক্সতারকা মৌসুমী হামিদের জন্য এবারের জন্মদিনটা একদম অন্যরকম। চলতি বছরে অনেকগুলো ঘটনা ঘটেছে তার ব্যক্তি জীবনে। মার্চের শেষ দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছিলেন মৌসুমী হামিদ। তখনই তিনি জানান, বছরের শুরুতেই তাদের আলাদা হয়ে যাওয়া সম্পন্ন হয়েছে। সেই ঘটনার কয়েক মাস পরই ব্যক্তিগত জীবনে একেবারে নতুন চমক নিয়ে হাজির হন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি আয়োজনে অংশ নেন মৌসুমী হামিদ। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে ধরা পড়ে তার বেবিবাম্প। উপস্থিত ছিলেন তার স্বামী আবদুল ওয়াদুদ সজীবও। চলতি মাসেই মা হতে যাচ্ছেন তিনি। জন্মদিনে তার মনে বিচিত্র এক  অনুভূতি কাজ করছে বলে জানান এই অভিনেত্রী। এই নতুন অধ্যায়ে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন মৌসুমী।

কেয়া: চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া অবশ্য জন্মদিসে আহামরি কোনো আয়োজন রাখেননি। প্রতিবারের মতো এবারও মা’র সঙ্গে বিশেষ দিন উদযাপন করছেন। কেয়ার জন্ম যশোরে। ২০০১ সালে ১৪ বছর বয়সে সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। তার প্রথম সিনেমা ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। এটি নির্মাণ করেছিলেন মনতাজুর রহমান আকবর।

নাদিয়া আফরিন মিম:  ২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক-বিজ্ঞাপনে। আজকের জন্মদিনে পরিবারকে নিয়েই উদযাপন করছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত