একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক পরিচালক নিয়োগের সুযোগ পেয়েছে ব্র্যাক ব্যাংক। এ জন্য ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর একটি ধারা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকটির ১০ শতাংশ বা তার বেশি, তবে ৫০ শতাংশের বেশি নয়—এমন শেয়ারধারী কোনো প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে।
সোমবার (১২ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় দেওয়া ক্ষমতাবলে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে একই আইনের ২৩(১)(ককক) ধারার বিধান শিথিল করা হয়েছে। এর ফলে ব্যাংকটির নির্দিষ্ট শর্ত পূরণকারী শেয়ারধারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে। তবে কোনো প্রতিষ্ঠান থেকে তিনজনের বেশি পরিচালক নিয়োগ দেওয়া যাবে না।
ব্যাংক-কোম্পানী আইনের ২৩(১)(ককক) ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একটি প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে একের বেশি প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে না। অর্থাৎ, সাধারণ নিয়মে একটি প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংকের পর্ষদে একজনই প্রতিনিধি পরিচালক থাকতে পারেন।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে সেই বিধিনিষেধ শিথিল হলো।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ব্র্যাক ব্যাংকের ৪৬ শতাংশ শেয়ারের মালিক ব্র্যাক । প্রচলিত আইন অনুযায়ী, একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগ ছিল না। এখন আইনি বিধান শিথিল করায় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে। তবে সর্বোচ্চ তিনজন পরিচালক নিয়োগের সুযোগ থাকবে।