সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাত আড়াইটার দিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের পল্লবী জোনাল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, ডিবি পুলিশের একজন পরিদর্শক বাদী হয়ে সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন।

এজাহারে যেসব অভিযোগ

মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা ও তাদের সহযোগীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

পুলিশের অভিযোগ অনুযায়ী, ‘কালআজকাল ডটকম’ নামের একটি পেজের মাধ্যমে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কনটেন্ট তৈরির চেষ্টা করা হচ্ছিল। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও প্রচারের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধ অর্থায়ন এবং সন্ত্রাসবিরোধী আইন ও সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কুৎসামূলক প্রচারণা চালানোর অভিযোগও উল্লেখ করা হয়েছে।

কাজী গুলশান আরার বিরুদ্ধে অতীত কর্মকাণ্ডের অভিযোগ

মামলার এজাহারে লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ নভেম্বর নির্বাচনের আগে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে একাত্মতা ও আনুগত্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নামে একটি কমিটি গঠন এবং ওই সংগঠনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে এজাহারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত