পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটের একটি দোকানে লাগা আগুন চার ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করছে ১০টি ইউনিট। তবে সরু গলি, ঘন ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
সোমবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ওই তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে। গুদামগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে।
এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টি করা হয়েছে। তিনি বলেন, সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। পাশাপাশি ঘন ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নেভানোর কাজে সমস্যা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ইউনিটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পাঁচটার দিকে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।
প্রাথমিকভাবে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়। সর্বশেষ তা বাড়িয়ে ১০টি ইউনিট করা হয়েছে।
এদিকে আগুন লাগার কারণ, এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।