এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডে উজবেক দল নেফতচি ফারগানার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে আল নাসর। তবে সোমবার রিয়াদের কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের ফলের চেয়েও গ্যালারি ও ক্যামেরার চোখ ধাঁধিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক অনন্য ও আবেগঘন অঙ্গভঙ্গি। মাঠের ফুটবলে নজর কাড়ার পাশাপাশি সৌদি আরবের জাতীয় পতাকার প্রতি রোনালদোর এই বিশেষ সম্মান প্রদর্শন মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্য অঞ্চলে ঘটে যাওয়া নানা রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল জাতীয় দলের সাময়িক বিতর্কের মাঝেই সৌদি ফুটবলের প্রতি নিজের গভীর অনুরাগের প্রমাণ দেন রোনালদো।
ম্যাচ শুরুর বাঁশি বাজার ঠিক আগেই ক্যামেরায় ধরা পড়ে এক অনন্য দৃশ্য। আল নাসরের হলুদ জার্সিতে থাকা সৌদি আরবের জাতীয় পতাকায় পরম মমতায় চুমু খান পর্তুগিজ অধিনায়ক। সৌদি ক্লাব ‘আল নাসরে’ যোগ দেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রতি তার যে আত্মিক টান তৈরি হয়েছে, এই একটি দৃশ্যেই তা স্পষ্ট হয়ে ওঠে।
খেলার মাঠেও রোনালদো ছিলেন চিরচেনা ফর্মে। ম্যাচের ৪২ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়িয়ে দেওয়া নিখুঁত পাস থেকে চমৎকার গোল করে আল নাসরের জয় প্রায় নিশ্চিত করেন তিনি। এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল।
তবে আসল চমক অপেক্ষা করছিল গোল উদযাপনের সময়। গোল করার পর গ্যালারির দিকে ছুটে গিয়ে সমর্থকদের কাছ থেকে সৌদি আরবের জাতীয় পতাকা খচিত একটি স্কার্ফ চেয়ে নেন সিআরসেভেন। এরপর সেটি নিজের দুই কাঁধে জড়িয়ে উদযাপনে মেতে ওঠেন।
সাম্প্রতিক সময়ে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সৌদি আরবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে রিয়াদে নিরাপত্তা সতর্কতার কারণে ম্যাচটি শুরু হতেও প্রায় এক ঘণ্টা দেরি হয়। এমন প্রেক্ষাপটে রোনালদোর এই উদ্যাপন বিশেষ তাৎপর্য পেয়েছে।
ম্যাচের পর আল নাসরের আরবি ভাষার আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সৌদি আরবের রঙে রোনালদোর একটি ছবি প্রকাশ করা হয়। ছবির সঙ্গে লেখা হয়, ‘আমি পর্তুগিজ, তবে আমি সৌদি আরবেরই একজন।’ বার্তাটির সঙ্গে ছিল হলুদ হৃদয়ের প্রতীক।
আল নাসরের ইংরেজি ভাষার আনুষ্ঠানিক পাতায়ও সৌদি আরবের রঙে উদ্যাপনের আরেকটি ছবি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘সৌদি আরবের এক টুকরো, হৃদয়ের খুব কাছে।’
'পেলের সামনে মেসিও নগন্য', বিতর্ক উসকে দিলেন ব্রাজিলের কিংবদন্তী