'বাংলাদেশ ভালো দল, বেশ কঠিন পরীক্ষা হতে যাচ্ছে ইংল্যান্ডের'

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সফরকে নিয়ে এখন থেকেই দল গঠনে গভীর চিন্তাভাবনা শুরু করেছেন ইংলিশ নির্বাচকরা। প্রধান মার্কাস নর্থ মনে করেন, মিরপুর ও চট্টগ্রামের স্পিন বান্ধব কন্ডিশনে ইংল্যান্ড দলের বর্তমান কম্বিনেশন ও ভারসাম্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে।

বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথম টেস্ট সিরিজে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলেছিল ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সেই সিরিজে মূল দায়িত্ব সামলেছিলেন ড্যান লরেন্স ও জো রুটের পার্ট-টাইম অফব্রেক। দলের প্রধান স্পিনার শোয়েব বশিরকে পুরো সিরিজেই 'ড্রিংকস' টানতে হয়েছে। আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরেও একই কৌশল ধরে রাখার পরিকল্পনা রয়েছে দলটির।

তবে বাংলাদেশের বিপক্ষে চিত্রটা যে ভিন্ন হতে যাচ্ছে, তা স্পষ্ট। ইসিবি ইতোমধ্যেই তাদের স্পিন বিভাগে বড় আকারের বিনিয়োগ শুরু করেছে। নর্থ জানান, জাতীয় স্পিন বোলিং লিড ও স্টিফেন ফ্লেমিংয়ের নতুন সহকারী কোচ হিসেবে রিচার্ড ডসনের নিয়োগ মূলত এই কৌশেরই অংশ।
 
বাংলাদেশের বর্তমান টেস্ট দল নিয়ে বেশ সতর্ক প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কাস নর্থ। বাংলাদেশ দলকে বেশ শক্ত প্রতিপক্ষ উল্লেখ করে উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে মার্কাস নর্থ বলেন বলেন, "তারা (বাংলাদেশ) এখন একটি ভালো ক্রিকেট দল, ভালো একটি টেস্ট দল। এমন নয় যে শুধু সেখানে গিয়ে আমাদের ভালো স্পিনারদের মুখোমুখি হতে হবে; তাদের বেশ কিছু চমৎকার ফাস্ট বোলারও রয়েছে। তাই আমরা জানি, এটা বেশ কঠিন একটি পরীক্ষা হতে যাচ্ছে। আমাদের এমন একটি স্কোয়াড গড়ে তুলতে হবে, যা ওই কন্ডিশনে সব ধরনের বিকল্প সরবরাহ করতে পারে।"

এদিকে স্পিন বিভাগ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে জাতীয় দলের দরজা বন্ধ হতে চলেছে অভিজ্ঞ বামহাতি স্পিনার জ্যাক লিচের জন্য। কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে সমারসেটের হয়ে গত দুই মৌসুমে ২১.৭৩ গড়ে ৮৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হলেও, ৩৫ বছর বয়সী এই স্পিনারকে বাংলাদেশ সফরে বিবেচনা করা হচ্ছে না। ইসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে তরুণ শোয়েব বশির ও রেহান আহমেদ এবং ডেভেলপমেন্ট চুক্তিতে মেসন ক্রেন, জেমি কোলসের মতো তরুণদের প্রাধান্য দেওয়াই এর মূল কারণ। 'আন্তর্জাতিক পর্যায়ে আমরা লিচকে দেখেছি। সমারসেটের হয়ে ও এখনো অসাধারণ পারফর্ম করছে। তবে বর্তমানে আমাদের সেন্ট্রাল ও ডেভেলপমেন্ট কন্ট্রাক্টের দিকে তাকালেই বোঝা যাবে, আমরা এখন একটু ভিন্ন দিকে মনোযোগ দিচ্ছি', বলেন নর্থ।
 
২০২৪ সালের শেষে পাকিস্তান সফরে নিজের ৩৯তম টেস্ট খেলেছিলেন লিচ, যেখানে তাঁর টেস্ট উইকেটের সংখ্যা ছিল ১৪২টি। তবে ভবিষ্যতের তরুণদের ওপর আস্থা রেখে ইসিবির এই নতুন সিদ্ধান্তের ফলে মনে হচ্ছে, ইংল্যান্ডের জার্সিতে আবার মাঠে নামার সুযোগ এই অভিজ্ঞ স্পিনারের জন্য প্রায় শেষ।
সর্বশেষ সর্বাধিক পঠিত