টাঙ্গাইলের সখীপুরে সাবেক স্ত্রীর বাড়ির পাশে একটি ধানক্ষেতের থেকে দুলাল হোসেন দুলু মিয়া নামের এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া গ্রামের মগার মার্কেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দুলাল হোসেন দুলু মিয়া (৬৫) চটানপাড়া গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে ও বড়চওনা ইউনিয়নের রফিকরাজু ক্যাডেট স্কুল বড়চওনা শাখার নিরাপত্তা কর্মী।
স্থানীয়রা জানায়, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা থানা খবর দেন। পরবর্তীতে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের প্রথম স্ত্রী আসমা বেগম বলেন, প্রায় দশ বছর আগে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ (তালাক) হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা পরিবারের সকলেই আমার স্বামীকে বারবার বুঝিয়ে বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে।
নিহতের দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম বলেন, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও দাবি করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জয়পুরহাটে খণ্ডিত মরদেহ উদ্ধার
সৈয়দপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার