ভোলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে সাত লাখ মিটার অবৈধ সুতার ও কারেন্ট জাল এবং ৭০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ বিতরণ করা হয় এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মেঘনা নদীতে অভিযান এবং নজরদারি জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মো. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নদীতে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান চলবে।
চলতি বছরের ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ-নদীতে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।