দুর্নীতির অভিযোগ

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউলকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

খুলনা ওয়াসার ২ হাজার ৫৯৮ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পের দায়িত্ব পাওয়া নিয়ে বিতর্কের মধ্যে নির্বাহী প্রকৌশলী-১ মো. রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৯৪ কোটি টাকার চারটি চেকের ফটোকপি ছড়িয়ে পড়া এবং একই গৃহসংযোগের বিপরীতে দ্বিতীয়বার বিল দাখিলের অভিযোগও সামনে এসেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনা ওয়াসা ভবনে রেজাউল ইসলামের কক্ষে তল্লাশি চালান দুদকের কর্মকর্তারা। এ সময় তারা প্রকল্পসংশ্লিষ্ট ও অভিযোগের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন।

দুদক ও ওয়াসা সূত্রে জানা গেছে, পানি সরবরাহ প্রকল্প ফেজ-২-এর প্রকল্প পরিচালকের (পিডি) রুটিন দায়িত্ব পালন করছেন রেজাউল ইসলাম। ২০২৫ সালে অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি এ দায়িত্ব পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া একটি প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বলেন, রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পসংশ্লিষ্ট এবং অভিযোগের সঙ্গে সম্পর্কিত নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল ইসলাম। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তিনি শোকজের জবাব দেবেন।

খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন, দুদকের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসা উচিত।

সর্বশেষ সর্বাধিক পঠিত